
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর বাজারে আলহাজ্ব মোঃ এমরান হক চৌধুরী (৫৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও দামী আইফোনসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে শ্রীপুর বাজারের নান্নু খলিফার দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত এমরান হক চৌধুরী উপজেলার আমতলা এলাকার মৃত হাসান আলী চৌধুরীর ছেলে।
ভুক্তভোগীর দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ডের নূর মোহাম্মদ (৩০) ও মোঃ সোহেল (৩৫) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে ১নং বিবাদী নূর মোহাম্মদ লোহার রড দিয়ে এমরান হকের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বিবাদীরা ভুক্তভোগীর পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম কার্ড এবং ১ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের একটি আইফোন ও ২৪ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী এমরান হক চৌধুরী বলেন, “বিবাদীরা দীর্ঘদিন ধরে আমাকে ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। আজ তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছে এবং আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।”
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।