
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনের দায়ে চারজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত। আটককৃতরা হলো; চিওড়া ইউনিয়নের চিওড়া নতুনপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রাসেল বাঙালি(৩২), ডিমাতলী গ্রামের আলীআকবরের ছেলে নাছির(৪৫), সফিক মিয়ার ছেলে মনির হোসেন, জগন্নাথের আবদুর রহমানের ছেলে জালাল(২৫)। বুধবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এএসআই মোঃ সেলিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চিওড়া ইউনিয়ন পূর্ব ডিমাতলী গ্রামে নাছির মিয়ার ঘরে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় জনতার উপস্থিতিতে মাদক সেবনকালে
রাসেল বাঙালি, নাছির মিয়া, মনির হোসেন ও জালালকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষ করে কারাগারে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার এএসআই মোঃ সেলিম বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।