👁 191 Views

বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনাপোলের গাজীপুর গ্রামের শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছার বেলেবটতলা গ্রামের আব্দুল আজিজ (৪৫)।

সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ৭৯টি শাড়ি, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব মালামাল উদ্ধার ও আসামিদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *