
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে সাড়ে ছয় বছরের আব্দুল আলিম নামক এক শিশুর মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে।মৃত আব্দুল আলিম জামুদ গ্রামের সুমন মিয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল আলিম দুপুরের দিকে বাড়ির উঠানে সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তার বাবা জমিতে চাষ ও মা প্রতিবেশীর বাড়িতে হাঁসের খাবার আনতে গেলে যায়। খেলা করতে করতে আলিম পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে থাকা নিজ পুকুরে পানিতে পড়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে আলিমের মা বাড়িতে ফিরে এসে আলিমকে কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তারই চাচাতো ভাই সাত বছরের মোস্তাকিম জানায়, আলিমকে সে কিছুক্ষণ আগে পুকুরের পাড়ে খেলতে দেখেছে। পরে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে পানির তল থেকে আলিমের মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।