
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর তিন কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু করেও তা শেষ না করেই ঠিকাদার উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। কিন্তু কাজ শেষ না করায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ সহ পথে চলা যানবাহন।
বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে চলাচলকারীদের ভোগান্তি সবচেয়ে বেশি। অনেক সময় ছোট যানবাহনও সড়কের গর্ত ও কাদায় আটকে যাচ্ছে। স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
তাদের অভিযোগ, কাজ ফেলে রেখে ঠিকাদার চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় সংস্কার কাজের এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তারা।
এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক সংস্কারের কাজ পুনরায় শুরু এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সম্পন্ন করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঠিকাদার রহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি জরুরী মেইনটেনেছের কাজ। যে পরিমান কাজ হয়েছে অর্থ ছাড় পাচ্ছিনা। পাশিপাশি কাচামালের দাম অতিরিক্ত এজন্য কাজটি একটু বিলম্ব হচ্ছে।
উপজেলা সাব-ইঞ্জিনিয়ার মো: আরিফুর এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য চিঠি দেয়া হয়েছে।