👁 62 Views

দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয় এক বছরে রেকর্ড ১৮৫ কোটি টাকার রাজস্ব আদায়

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল ‘এ-চালান’ ব্যবস্থা চালুর ফলে ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে দিনাজপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়। ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ মেয়াদে জেলার সদরসহ ১৩টি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস থেকে মোট ১৮৫ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা রাজস্ব আয় হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ।

জেলা রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সাফ কবলা, হেবা, দানপত্র, বায়না ও বন্ধকসহ বিভিন্ন দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে এ বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।

উপজেলাভিত্তিক আয় বিশ্লেষণ করে দেখা যায়, সর্বোচ্চ ৪৪ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯১৯ টাকা রাজস্ব আদায় হয়েছে দিনাজপুর সদরে। এছাড়া পার্বতীপুর উপজেলায় ২১ কোটি ৮০ লাখ এবং চিরিরবন্দর উপজেলায় ১৯ কোটি ১৪ লাখ টাকা আদায় হয়। অন্যান্য উপজেলার মধ্যে ফুলবাড়ী, বিরামপুর, বিরল, বীরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় ১০ থেকে ১৩ কোটি টাকা করে রাজস্ব এসেছে।

জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক জানান, ভূমির খতিয়ান, দাখিলা অনলাইনে যাচাইয়ের মাধ্যমে দলিল সম্পাদন করায় জালিয়াতি ও প্রতারণা বন্ধ হয়েছে। পাশাপাশি ভ্যাট ও করের টাকা সরাসরি ব্যাংকে জমাদান (এ-চালান) নিশ্চিত করায় আয়ের হার উল্লেখজনকভাবে বেড়েছে।

সদর সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হক বলেন, “তীব্র জনবল সংকট সত্ত্বেও জিরো টলারেন্স নীতি ও সঠিক দিকনির্দেশনার কারণে সেবার মান বেড়েছে। অনিয়ম রোধ হওয়ায় সেবাগ্রহীতাদের আস্থা ফিরেছে, যা রাজস্ব বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।”

অনিয়ম রোধ করার কারণে সাধারণ সেবাগ্রহীতারাও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *