
দাগনভূঞা প্রতিনিধি :; ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের জগতপুর গ্রামের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধান সড়কের পাশে গুরুত্বপূর্ণ স্থানে জগতপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বেশ কয়েকটি সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
এই সামাজিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণের মাধ্যমে রাতের অন্ধকারে পথচারীদের চলাচল সহজ ও নিরাপদ হবে এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে এলাকাবাসী মনে করেন।
এছাড়াও স্থানীয় বাসীন্দা দ্বীন মোহাম্মদ জানান, এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন তারই ধারাবাহিকতার দৃষ্টান্ত। এলাকাবাসী হিসেবে আমি সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই এবং সংগঠনটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। জগতপুর সমাজ কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, গ্রামের শিক্ষার মানোন্নয়ন, গরীব অসহায় ব্যক্তির চিকিৎসা ও মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান, বৃক্ষ রোপন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা কল্পে নিয়মিত খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, দুর্যোগে সহায়তা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে।
এই উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের প্রধান দায়িত্বশীল মোঃ মীর হোসেন ও মোহাম্মদ রাসেলসহ সংগঠনের সকল সদস্য এবং উপদেষ্টারা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করে সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও এলাকার শুভানুধ্যায়ী, দাতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য জগতপুর সমাজ কল্যাণ পরিষদ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
সংগঠনটি “ঐক্যের শক্তি, আদর্শ সমাজ গড়ার প্রতিশ্রুতি” এই স্লোগানের মর্মবাণী অনুধাবন করে সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, আলোকিত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করে। ভবিষ্যতেও জগতপুর সমাজ কল্যাণ পরিষদ জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানায়।