👁 160 Views

গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত, আহত শিশু

‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):  ‎​গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা এক বছর বয়সী শিশুপুত্র গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
​শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিএনবি এলাকার পশ্চিম পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎​নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি রাকিব (৪০), যিনি ‘ডেনিমেক্স’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পিতার নাম সেকেন্দার আলী ব্যাপারী এবং বাড়ি পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামে। অপর নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

‎​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী তাদের এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে যোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিব প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্ত্রী ও শিশুপুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। আহত শিশুপুত্র বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
‎​খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

‎​এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। আমরা দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িত গাড়িটি শনাক্তে কাজ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *