👁 242 Views

পটিয়ার জঙ্গলখাইনে বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের শুষ্ক খাবার বিতরণ, আরও সহায়তার আশ্বাস

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কোথাও হাঁটুসমান, কোথাও আবার কোমরসমান পানি জমে রয়েছে। ফলে অনেক ঘরে চুলা জ্বলছে না, খাদ্যসংকটে পড়েছেন অসংখ্য পরিবার। বিশুদ্ধ পানির অভাব, শিশুদের খাদ্য সংকট এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতিতে হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের বরাদ্দকৃত শুষ্ক খাবার শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে পানিবন্দি ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন (বকুল), জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক সেলিম শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল আলমসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গাজী মো. বখতিয়ার উদ্দিন (বকুল) বলেন, “জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া শুষ্ক খাবার আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। আরও যেসব পরিবার কষ্টে আছেন, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সেগুলোও বিতরণ করা হবে।”

তিনি আরও বলেন,এ জলাবদ্ধতায় ইউনিয়নের বিভিন্ন পুকুর, জলাশয় ও মাছের প্রজেক্ট পানিতে তলিয়ে গেছে। এতে মাছচাষীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্তরা দ্রুত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *