👁 408 Views

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত-২

মোঃ রিয়াজ।।  পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে ঢাকাগামী “দশমিনা এক্সপ্রেস” নামের একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোসিংগা এলাকার লাল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জলিল আহমেদ (৬০) ও রত্না বেগম (৩০) নামের দুই যাত্রীর পরিচয় জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রী সূত্রে জানা গেছে, সকাল ৮টায় দশমিনা থেকে ছেড়ে আসা “ঢাকা মেট্রো ব-১৫-০৩৩৩” নম্বরের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাউফলের বিলবিলাস বাজার এলাকায় পৌঁছে দুটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা চালককে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। পরে গোসিংগা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘটনার পর থেকে বাসচালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
যাত্রীরা অভিযোগ করেন, “এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। অনেক সময় হেলপার দিয়ে গাড়ি চালানো, চালকের অসতর্কতা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো কিংবা চলন্ত বাসে মোবাইল ফোনে কথা বলার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।”
ঘটনা স্থলে উপস্থিত হয়ে, “বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, বর্তমান সড়কটি পর্যাপ্ত প্রশস্ত নয়। দুটি বাস একসঙ্গে সহজে চলাচল করতে পারে না।”
তিনি বলেন, “এ বিষয়টি নিয়ে জেলা পর্যায়ের সভায় আলোচনা হয়েছে। সড়কটি আরও ৫ থেকে ৬ ফুট প্রশস্ত করা গেলে যান চলাচল অনেক সহজ হবে। পাশাপাশি সড়কের ফাঁকা স্থানগুলোতে দ্রুত গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *