👁 355 Views

বাঘায় আন্তঃসরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় আন্তঃসরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে এ ক্রীড়া প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠকেও ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপের এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ। ভেন্যু তত্ত্বাবধানে ছিলেন পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান। খাগড়বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নূরুজ্জামান, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক নবাব আলী, মহাতাব আলী এবং মতিউর রহমানসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে এই ভেন্যুতে মোট ১১টি বিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় বালক দলে বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা দলে পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

জানা গেছে, বিজয়ী দুইটি দল পরবর্তীতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *