👁 315 Views

যশোরে রমজান উপলক্ষে টাস্কফোর্সের অভিযানে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ইয়ানূর রহমান : যশোরে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর শহরের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

মো. সেলিমুজ্জামান জানান, যশোর শহরের চৌরাস্তা ও মনিহার প্রেক্ষাগৃহ এলাকার ফলের বাজার, যশোর শহরের নুরিতলা এলাকার লাচ্চা সেমাই কারখানা এবং বিসিক শিল্প এলাকার বিভিন্ন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ প্রক্রিয়ায় সেমাই উৎপাদনের অভিযোগে বিসিক এলাকার স্টার টু এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘি দিয়ে সেমাই তৈরি বলে মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে সদরের নুরিতলা এলাকার মেসার্স তামান্না এন্টারপ্রাইজ-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অভিযোগে চৌরাস্তা এলাকার হৃদয় ফল ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মনিহার এলাকার মেসার্স শরীফ ফল ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *