👁 505 Views

সাতকানিয়ায় ছুরিকাঘাতে জামায়াত কর্মী আহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২) নামে এক জামায়াত কর্মীকে বেধড়ক মারধরের পর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া ভরিয়ারকুল সড়কের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গিয়াস উদ্দিন উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া মাদরাসা এলাকার সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ভরিয়ারকুল সড়ক হয়ে হাতিয়ারকুল এলাকার দিকে যাওয়ার সময় হঠাৎ শাহ আলম, মিজান ও জোবায়েরের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় শাহ আলম ধারালো অস্ত্র দিয়ে গিয়াস উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাঈন বলেন, ছুরিকাঘাতে আহত গিয়াস উদ্দিন সংগঠনের একজন সক্রিয় কর্মী। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে তিনি দাঁড়িপাল্লার পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *