
আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ রামগড় থানায় হস্তান্তর করা হয়।
আটক সাগর দেবনাথ উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারে ক্ষুদ্র কসমেটিকস ব্যবসা পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, তিনি চোরাইপথে ভারত থেকে কসমেটিকস পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা এ অভিযোগের বিষয়ে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অস্ত্র সংরক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং কী উদ্দেশ্যে সেগুলো সংরক্ষণ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।