👁 505 Views

ঢাকায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ, অল্পের জন্য বাঁচলেন হরিণাকুণ্ডুর সোহেল রানা

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার কাঁঠালবাগান এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের ‘কাঞ্চন টাওয়ার’-এর চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। ওই ফ্ল্যাটের আলাদা অংশে বসবাস করতেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাপাশাটিয়া গ্রামের বাসিন্দা সোহেল রানা। বিস্ফোরণে তিনি অল্পের জন্য প্রাণে বাঁচলেও আগুনের লেলিহান শিখায় তার ঘরের টিভি, ফ্রিজ, আলমারি, আসবাবপত্র ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে সোহেল রানার স্ত্রীর কোলজুড়ে একটি কন্যাসন্তান আসে। বর্তমানে তার স্ত্রী ওই তিন মাস বয়সী নবজাতককে নিয়ে হরিণাকুণ্ডুর কাপাশাটিয়া গ্রামের বাড়িতে অবস্থান করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। তবে কাজের সুবাদে ঢাকায় থাকা সোহেল রানার কক্ষের সমস্ত মালামাল ও নগদ অর্থ পুড়ে ভস্মীভূত হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে, এই বিস্ফোরণে ওই ফ্ল্যাটের অন্য অংশের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫), এক বছর বয়সী শিশুপুত্র আরিস রহমান মাহাদ এবং পাশের কক্ষে সাবলেট থাকা শামসুন্নাহার বেগম (৫২) ও তার মেয়ে নার্সিং ছাত্রী সানজিদা ইসলাম (২০) দগ্ধ হন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে ইফতি সাবার শরীরের শতভাগ, শিশু মাহাদের ৫৭ শতাংশ, শামসুন্নাহারের ৪০ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং মানিকের ৬ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ মানিক জানান, সকাল ৮টার দিকে তার স্ত্রী রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ফ্ল্যাটের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে যায়। কলাবাগান থানার এসআই শামসুল হক সুমন জানান, প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সোহেল রানা ও তার স্ত্রী-সন্তান প্রাণে বেঁচে ফেরায় গ্রামের বাড়ি কাপাশাটিয়ায় স্বজন ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।