
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
এ উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি নিয়োজিত করা হয়েছে। এর মধ্যে সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৭০টি, ব্যাটালিয়ন সদর দপ্তরের ০৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪১টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত রয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ২২টি বেইজ ক্যাম্প স্থাপনর মাধ্যমে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর ২০২৬ তারিখ দিনাজপুর সেক্টরের সম্মানিত সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর পূজা মন্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শন করতঃ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৯ বিজিবির অধিনায়ক মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি।