
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অনুন্নত ও খানাখন্দে ভরা সড়কের কারণে পৌরবাসীর দুর্ভোগ বাড়ছে।
পৌরবাসীর অভিযোগ, নিয়মিত পৌরকর পরিশোধ করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা মিলছে না। নির্দিষ্ট ডাস্টবিন ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় বিভিন্ন স্থানে আবর্জনা পড়ে থাকছে। অনেক এলাকায় এখনো সরবরাহের পানি পৌঁছেনি।
সম্প্রতি সরেজমিনে পৌর এলাকার হাইস্কুল রোড, প্রেস ক্লাব ও প্রফেসরপাড়া সড়ক, পিয়ারী স্কুল, জামালপুর রোড, বেলের ঘাট এবং কালীবাড়ী বাজার এলাকায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
পৌরবাসী আব্দুল মতিন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই সড়ক নির্মাণ প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল ইয়াসা রহমান তাপাদার বলেন, সম্প্রতি বিভিন্ন সড়কে সড়কবাতি স্থাপন করা হয়েছে। যেসব এলাকায় বাসাবাড়িতে পানি সরবরাহের সমস্যা রয়েছে, সেগুলো নিয়েও কার্যক্রম চলছে।
তিনি জানান, পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পাশে থাকা ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে। ‘গ’ শ্রেণির পৌরসভা হওয়ায় বর্তমানে জমি কেনার সক্ষমতা নেই। তাই আপাতত ভাড়া নেওয়া জায়গায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্বিক বিষয় মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।