
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে জমি দখলের চেষ্টায় শতাধিক গাছ ও প্রায় ৩০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছোট ভগবানপুর গ্রামের আমিনুল ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া ৩১ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি বিভিন্ন প্রজাতির গাছপালা ও কলাগাছ রোপণ করেন। জমিটি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আমিনুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তাতে সম্মত হননি। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন লাঠি, লোহার রড, পাইপ, দা ও করাতসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার জমিতে প্রবেশ করেন।
এ সময় তারা জমিতে থাকা ১০টি মেহগনি, ১৫টি ইউক্যালিপটাস, ২০টি আম, ৮টি কাঁঠাল, ২০টি সুপারি গাছ এবং প্রায় ৩০০টি কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ফেলেন বলে অভিযোগ করেন তিনি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন আমিনুল ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, গাছ কাটায় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম মাহাবুবসহ অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগকারী আমিনুল ইসলাম। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।