
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুন্দরগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত ১০ নম্বর শান্তিরাম ইউনিয়নের আহ্বায়ক মোঃ আবু সাঈদ খায়রুল আমিন (সবুজ)-কে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ গোলাম আযম সরকার ও সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোঃ আবু সাঈদ খায়রুল আমিন (সবুজ)-কে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।