👁 482 Views

মহাদেবপুরে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ৪৫৫ বস্তা সার উদ্ধার 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৪৫৫ বস্তা সার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের নেতৃত্বে বুধবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিবরামপুর গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এসময় অবৈধভাবে মজুদ করা ৪৫৫ বস্তা সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের মধ্যে ডিএপি ২৯৫ বস্তা, এমওপি ১৫৮ বস্তা ও দুই বস্তা ইউরিয়া সার রয়েছে। আব্দুল লতিফ ওই গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। পরবর্তীতে সারগুলো জব্দ করার পাশাপাশি অবৈধভাবে সার মজুদ করার অপরাধে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *