👁 311 Views

মামলা নয়, অভিযুক্তের হাতেই ফিরল জব্দকৃত চাল; বদরগঞ্জে খাদ্যবিভাগের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়

রংপুর ব্যুরো  : রংপুরের বদরগঞ্জে তৎকালীন ইউএনও কর্তৃক জব্দ করা ১৮৩ বস্তা চাল অবশেষে ১৪ মাস পর অভিযুক্ত বাপ্পি কুণ্ডুর হাতে তুলে দিয়েছে খাদ্য বিভাগ। গত সোমবার (২২ জুন) উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে চালগুলো হস্তান্তর করা হলে এ নিয়ে এলাকাজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি খাদ্যগুদামের সিলমোহরযুক্ত চাল উদ্ধারের ঘটনায় মামলা হলে খাদ্য বিভাগের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির জড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। সে কারণেই আইনগত ব্যবস্থা না নিয়ে তদন্তের অজুহাতে চালগুলো ফেরত দেওয়া হয়েছে।
চাল হস্তান্তরের আগে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি দাবি করেন, তদন্তে প্রমাণিত হয়েছে চালগুলো সরকারি নয়, বরং বাপ্পি কুণ্ডুর ব্যক্তিগত মালিকানাধীন।
তবে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন তোলেন, যদি চালগুলো বাপ্পিরই হয়ে থাকে, তাহলে ১৪ মাস ধরে সেগুলো সরকারি গুদামে আটকে রাখা হলো কেন? এছাড়া উদ্ধার অভিযানের সময় বাপ্পি কুণ্ডু চালের মালিকানা অস্বীকার করলেও পরে কীভাবে মালিকানা দাবি করলেন—এ নিয়েও প্রশ্ন ওঠে।
এদিকে তৎকালীন ইউএনও মো. মিজানুর রহমান বলেন, তিনি চাল উদ্ধারের পর বাপ্পি কুণ্ডুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চাল ছেড়ে দেওয়ার জন্য তিনি কোনো লিখিত নির্দেশনা দেননি বলেও দাবি করেন।
বর্তমান ইউএনও আঞ্জুমান সুলতানা জানান, চাল ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি কোনো নির্দেশ দেননি। অন্যদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনও বিষয়টি নিয়ে খোঁজ নেওয়ার কথা বলেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২০ মে রাতে বদরগঞ্জ সরকারি খাদ্যগুদামের সিলমোহরযুক্ত চাল বাপ্পি কুণ্ডুর গদিঘরে নেওয়ার সময় অভিযান চালিয়ে ১৮৩ বস্তা চাল উদ্ধার করেন তৎকালীন ইউএনও। এরপর থেকে চালগুলো সরকারি গুদামে সংরক্ষিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *