👁 370 Views

বাউফলে হামলা, ভাঙচুর ও চুরির মামলায় তিন কিশোর গ্যাং সদস্য কারাগারে

মোঃ রিয়াজ।। পটুয়াখালীর বাউফলে হামলা, ভাঙচুর, সিসি ক্যামেরা চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তিন কিশোর গ্যাং সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, বাউফল উপজেলার দৈনিক আজকের জনবানী পত্রিকার সাংবাদিক ইঞ্জিনিয়ার খান মো. নওতাজের তিনতলা ভবনে গত ১১ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আরিফ সিকদারের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালায়। এ সময় তারা বাড়ির গ্লাস ভাঙচুর, একটি পালসার এনএস-১৬০ মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত, দুটি সিসি ক্যামেরা চুরি এবং বাড়ির মালিককে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আরিফ সিকদারসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির জিআর নম্বর-২৮০ এবং দায়েরের তারিখ ১১ জুন ২০২৬।
মামলার আসামিরা ঘটনার পর থেকে পলাতক ছিলেন। পরে মঙ্গলবার (১৬ জুন) পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিন আসামি।
দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আসামি রিফাত (পিতা- সাইদুল সিকদার), মাহিম (পিতা- মো. জহির) ও আলফা (পিতা- আরিফ সিকদার)-কে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার দুই ও তিন নম্বর আসামি বর্তমানে জামিনে রয়েছেন। তবে প্রধান অভিযুক্ত আরিফ সিকদার এখনও পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *