👁 276 Views

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

সৈয়দ মনির আহমদ, ফেনী :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া এলাকায় ডাম্প ট্রাকের ধাক্কায় ইকবাল হোসেন জিসান (২৩) ও জিহানুল ইসলাম শাওন(২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।

৪ জুন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ছাগলনাইয়া থানার ঘোপাল ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের ডাক্তার বাড়ীর বাসিন্দা আবু তৈয়বের ছেলে ও শাওন হোম প্লাস সুপার শপের ক্যাশিয়ার।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা বুধবার গুলিয়াখালীতে পিকনিক যান। বৃহস্পতিবার মোটরসাইকেলে ফেনীতে ফিরছিলেন দুই বন্ধু। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল ও ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *