👁 384 Views

ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার এক সংগঠকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনূর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মোঃ আল আমিন (২৩), মোঃ দুলু রহমান (২৪), মোঃ হাসান (২৭), মোঃ ফয়সাল আহাম্মদ (২০) ও জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।
অভিযানে নেতৃত্বদানকারী কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়নি। মাদক পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হতো।
ওসি শাহীনূর আলম বলেন, মাদকসহ গ্রেপ্তারের বিষয়ে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তবে তাদের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *