
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার বলদিয়াঘাট মহিলা দাখিল মাদ্রাসায় ‘নিরাপত্তাকর্মী’ পদে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে সুপারের পদত্যাগ ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গতকাল রবিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ওই মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা নিয়োগের নামে প্রতারণা ও অর্থ লেনদেনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন, ২০১৯ সালে ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও: তোজাম্মেল হক ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ তাকে নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পর্যায় ক্রমে প্রায় ১২ লাখ টাকা গ্রহণ করেন। তৎকালীন সময়ে তার টাকা দিয়ে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির যাবতীয় খরচ চালানো হয়। গত ২০২২ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পরে (২৩/১০/২০২৫ তারিখের দৈনিক মানবজমিন) পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ঘটনার চিত্র সুপারের চরিত্র পাল্টে যায়।
মিজানুর রহমানের দাবি, বর্তমান নিয়োগ বোর্ডের আগে সুপার তার কাছে আরও ১০ লাখ টাকা চেয়েছেন।