
বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ে বাছাই পর্ব শুরু বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ সারা দেশের মতো রাজশাহীর বাঘা উপজেলায় শুরু হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব| যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে এ আয়োজন বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন|
এই বাছাই বুধবার ( ২৯ এপ্রিল) উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা অংশগ্রহণ করছে| বাঘা উপজেলায় মোট ৮৮১ জন প্রতিযোগী নিবন্ধন করেছে| এর মধ্যে ফুটবলে ৫৮৪ জন, ক্রিকেটে ৩৫০ জন, কাবাডিতে ৪৪ জন, অ্যাথলেটিক্সে ২৮৬ জন, ব্যাডমিন্টনে ১২৪ জন, দাবায় ৪২ জন,সাঁতারে ৪৬ এবং মার্শাল আর্টে ০৯ জন অংশ নিচ্ছে| এছাড়া একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে| প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার| উদ্বোধনী অনুষ্ঠানে বাঘা উপজেলার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার| সচিব হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম| এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর , উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমান,বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, উপজেলা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সালাম, জেলা ছাত্রদলের আহবাহয়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ| আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা হবে এবং তাদের উন্নত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে| “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য| উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে| এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে|