
ঘোড়াঘাট, প্রতিনিধিঃ-
দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে পথে ভারতে জ্বালানি তেলের পাচার রোধে এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ লক্ষ্যে সীমান্ত জুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের চেষ্টা করতে যেন না পারে সেই লক্ষে হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান। বিজিবি সূত্রে জানা গেছে, পাচারকারীরা যাতে কোনোভাবেই দেশের সম্পদ বিদেশে নিয়ে যেতে না পারে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী সড়কগুলোতে জ্বালানি তেলবাহী লরি বা ড্রাম চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুদ এবং বিক্রির তথ্য নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পরপরই আমরা সীমান্তে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছি। দেশের জ্বালানি সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।