
স্টাফ রিপোর্টার মোসাব্বর হাসান মুসা বগুড়াঃ
এ বি এম শাহজাহান (আনুঃ ১৯৪৮-৮ মে ২০১৮) বাংলাদেশের বগুড়া জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পাট প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাবেক সংসদ সদস্য।
প্রাথমিক জীবন
এ বি এম শাহজাহান আনুঃ ১৯৪৮ সালে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে এমএ পাশ করেন।
রাজনৈতিক ও কর্মজীবন
এ বি এম শাহজাহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর (বিএলএফ) বগুড়া অঞ্চলের কমান্ডার ছিলেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনয়ন নিয়ে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসন থেকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন। এর পর ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ থেকে ১৯৯০ মেয়াদে তিনি পাট প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও রূপালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৯১ সালের পঞ্চম, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে বগুড়া-৩ আসন থেকে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।তিনি তিন ছেলে সন্তানের পিতা ছিলেন।
মৃত্যু
এ বি এম শাহজাহান ৮ মে ২০১৮ সালে ঢাকার উত্তরায় মৃত্যুবরণ করেন। তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের গাড়িবেলঘরিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে কবরস্থ্য করা হয়।