
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দার সিংগী হাট এলাকায় ইফতার মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদর প্রসাদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফেরিঘাট-জোতবাজার আঞ্চলিক মহাসড়কের উপজেলার প্রসাদপুর বাজার গোল চত্বর মোড়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের নওগাঁ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান।
শিবিরের মান্দা উপজেলা (পূর্ব) শাখার সভাপতি রোমান ইসলাম পারভেজ এর সভাপতিত্বে ও শিবির মান্দা উপজেলা (পশ্চিম) শাখার সম্পাদক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের জেলা স্পোর্টস সম্পাদক রায়হান ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার যুব বিভাগ সভাপতি আবদুল মালেক প্রমূখ।
বক্তারা বলেন, সিংগী হাটে ছাত্র শিবিরের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।।