👁 380 Views

পটিয়ায় গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে ৩ গরু চুরি, ঋণের টাকায় গড়া স্বপ্নে ধাক্কা সোহেলের

ইমরান হোসেন মুন্না পটিয়া প্রতিনিধি  : ধারদেনা ও ঋণের টাকা দিয়ে গড়ে তুলেছিলেন গরু পালনের খামার। সংসারের খরচ চালানোর পাশাপাশি গরু পালনই হয়ে উঠেছিল তাঁর পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। কিন্তু সেই খামারেই হানা দিয়েছে চোরের দল। গোয়ালঘরের তালা ভেঙে নিয়ে গেছে দুটি গাভী ও একটি বাছুর। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পটিয়ার সোহেল।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা গ্রামে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া তিনটি গরুর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ভাই মোহাম্মদ ফয়সালের ভাষ্য অনুযায়ী, রাত ৩টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। এরপর ভোর সাড়ে ৪টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়, গোয়ালঘরে থাকা তিনটি গরুর একটিও নেই।

চুরি হওয়া গরুর মধ্যে দুটি গাভী ও একটি বাছুর রয়েছে। একটি গাভীর রং লাল-সাদা মিশ্র, অন্যটি লাল এবং বাছুরটি সাদা রঙের।

স্থানীয় বাসিন্দারা জানান, ধারদেনা ও ঋণের টাকা দিয়ে সোহেল গরু পালন শুরু করেছিলেন। সংসারের খরচ চালানোর পাশাপাশি গরু পালনই হয়ে উঠেছিল পরিবারের আয়ের অন্যতম অবলম্বন। সেই গরুগুলো চুরি হয়ে যাওয়ায় এখন নতুন করে আর্থিক সংকটে পড়েছেন তিনি।

ঘটনার পর চুরি হওয়া গরু উদ্ধারের আশায় পটিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন সোহেল। গরুগুলো উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।