👁 316 Views

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে শিমু বেকারির ৪ লাখ টাকা জরিমানা।।

বগুড়া জেলা প্রতিনিধি।।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারসহ নানা অনিয়মের দায়ে শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বগুড়া মহানগরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারি কারখানায় সামারি ট্রায়াল কার্যক্রম পরিচালনা করেন বগুড়া সদর ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবং বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

অভিযানকালে কারখানাটিতে খাদ্য উৎপাদনে লেভেলবিহীন ও মেয়াদোত্তীর্ণ ফুড কালার এবং ফ্লেভার ব্যবহার, অন্যান্য খাদ্য উপাদান লেভেল ও মেয়াদবিহীন অবস্থায় সংরক্ষণ, ভাঙা ও অপরিষ্কার-পিচ্ছিল মেঝেতে খাবার তৈরি এবং ময়লাযুক্ত কাঠের টেবিলে বেকারি পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া প্রস্তুতকৃত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে রেখে মোড়কীকরণ, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারার দণ্ড তফসিলে বর্ণিত ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, বগুড়া সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ। এ সময় এসআরবি-১২, বগুড়া এবং বগুড়া সদর থানার একটি চৌকস দল সার্বিক সহযোগিতা ও সমন্বয় করে।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।