👁 119 Views

ঘোড়াঘাটে মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি শহীদ আলম গ্রেপ্তার

 

ঘোড়াঘাট,প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শহীদ আলম (৫৪) নামে মুক্তিযুদ্ধ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে পৌর শহরের পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শহীদ আলম পৌর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের ঘোড়াঘাট উপজেলা শাখার সহসভাপতি।

পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর রাতে পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ঘোড়াঘাট থানায় একটি মামলা করা হয়। পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুষ্কৃতকারীদের সঙ্গে নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় পুলিশ অভিযান চালালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে তাঁদের ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা মামলায় উল্লেখ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তকালে শহীদ আলমের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার শহীদ আলমকে বৃহস্পতিবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।