👁 347 Views

জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ সংগ্রাম, ঐতিহ্য, গৌরব ও সাফল্যের ৪৮ বছর পদার্পণ উপলক্ষে নেত্রকোনা জেলা যুবদলের নেতৃত্ব প্রত্যাশী নেতাদের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ চার বছর আগে মশিউর রহমান মশু ও শাহাবুদ্দিন রিপন এর নেতৃত্বাধীন জেলা কমিটি বিলুপ্ত ঘোষনার পর আজ পর্যন্ত জেলার আহবায়ক কমিটি কিংবা পূর্ণাঙ্গ কমিটি না দেয়ায় নেতৃত্ব প্রত্যাশী নেতারা বিচ্ছিন্ন ভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে।
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে সভাপতি প্রার্থী শাহাবুদ্দিন রিপনের নেতৃত্বে বড় স্টেশন এলাকা থেকে একটি আনন্দ র‍্যালী, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা যুবদলের
সভাপতি প্রার্থী এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র নেতৃত্বে মোক্তারপাড়া এলাকা থেকে একটি আনন্দ র‍্যালী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে সভাপতি প্রার্থী হাসনাত হাসান সৈকতের নেতৃত্বে কেডিসি এলাকা থেকে একটি আনন্দ র‍্যালী,
জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ আজহারুল ইসলাম কমলের নেতৃত্বে কুরপাড় এলাকা থেকে একটি আনন্দ র‍্যালী,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফারদিন চৌধুরী রিমি’র নেতৃত্বে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালী,
সাধারণ সম্পাদক প্রার্থী সুজন চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র‍্যালী বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে সমবেত হয়।
পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল প্রমুখ।
পরে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।