
আলাল সজিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নেশার টাকা জোগাড় করতে নিরীহ মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা ব্যর্থ হওয়ায় এক বৃদ্ধ নারী ও তার নাতিকে মারধরের অভিযোগ উঠেছে সজল নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার সাঈদুরের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, নেশার টাকা জোগাড়ের উদ্দেশ্যে সজল তাদের কাছে জোরপূর্বক টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে বৃদ্ধ নারী ও তার নাতিকে মারধর করা হয়। এতে তারা আহত হন।
পরে আহত অবস্থায় তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীরা জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সজলের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।