👁 419 Views

বড়পুকুরিয়া কয়লা খনিতে পুনরায় কয়লা উত্তোলন শুরু 

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: নানাবিধ ঝুঁকি পেরিয়ে দীর্ঘ ২ মাস ৪ দিন পর পুনরায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরুর বিষয়ে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

গত ১২ আগস্ট থেকে খনি ভূগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে ফেইজ থেকে ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল।

প্রায় দুই মাস ধরে পূর্বের ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়।  আজ শুক্রবার  (১৬ অক্টোবর) সকাল থেকে এ ফেইজে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে, কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক দৈনিক দেশ রূপান্তর কে বলেন, বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। তবে, এই নতুন ফেইজে পুরোদমে কয়লা সময় লাগবে, কারণ এটি ক্রিটিকাল ফেইজ। নতুন ফেইজে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন হতে পারে। খনির কোল ইয়ার্ডে ৬ লাখ মেট্রিক টনের বেশি  কয়লা মজুত রয়েছে। যদিও খনির কোল ইয়ার্ড ধারণ ক্ষমতা ২ লাখ ২০  হাজার মেট্রিক টন। নানাবিধ ঝুঁকি পেরিয়ে দীর্ঘ ২ মাস পর পুনরায় শুরু হলো বড়পুকুরিয়া কয়লা খনি হতে কয়লা উত্তোলন।