👁 287 Views

নওগাঁয় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯; আটক ১

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে।
 এ ঘটনায় ওসমান গনি নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে।
আহতরা হলেন, উপজেলার রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮) আহত হয়।
নিহত আনিছুর রহমানকে গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম, ইলিয়াসকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমান গং এর সাথে তাদের শরীকান একই গ্রামের মৃত লছিম উদ্দিনের ছেলে নজরুল গং এর বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন থেকে নজরুল গং তাদেরকে জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। স্থানীয় মাতব্বররা শালিস-দরবারের মাধ্যমে আনিছুর রহমান গংদের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালালে তাদের ৫ জন আহত হয়। এবং নজরুল গংয়ের ৪ জন আহত হয়। আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে নজরুল ইসলাম হাসপাতাল থেকে পালিয়ে যায়।
 মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।