👁 324 Views

পার্বতীপুরে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

লিমন হায়দারঃ দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুই গ্যাস ডিলার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এসআরবি-১৩, দিনাজপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়)বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার(৫ই অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩,দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমিন আজিজের নেতৃত্বে গ্যাস ডিলার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ঘটনাস্থলেই দুই প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এসআরবি-১৩ সূত্র জানায়,দিনাজপুরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে হলদিবাড়ী ও নতুন বাজারে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)বিপ্লব কুমার গোস্বামী বলেন, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।