👁 122 Views

পাইকগাছায় জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্বত্ব-দখলীয় জমি দখল করে মৎস্যঘের করার চেষ্টা এবং চুরি মামলায় পুলিশি হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মজিদ গোলদার (বয়াতী) ও তার শরিকরা। ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মজিদ গোলদার বলেন, পৌরসভার শিববাটী মৌজায় তাদের প্রায় ৬ দশমিক ৭৬ একর জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। সর্বশেষ জরিপে জমির কিছু অংশ অন্যদের নামে ভুলভাবে রেকর্ড হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, ওই সুযোগে আমিনুর ইসলাম কাজল ও শাহানা সুলতানাসহ কয়েকজন তাদের মৎস্যঘের দখলের চেষ্টা এবং ঘেরের মাছ ও মালামাল নিয়ে যাওয়ার মাধ্যমে ক্ষতি করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর তাদের পক্ষের লোকজনের বিরুদ্ধে চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে মামলা করা হয় বলেও জানান তিনি। ওই মামলায় কহিনুর বেগম ও আসাদুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আব্দুল মজিদ জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য খুলনার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেঃ ১০৯/২৩ ও দেঃ ৩৪/২৩ নম্বরে দুটি মামলা বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি জমি ও ঘেরের দখল ফিরে পাওয়া, মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে জমি ভোগদখলের সুযোগসহ চার দফা দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *