
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ লাবনী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মায়ামনি এলাকায় অভিযান চালিয়ে লাবনী আক্তারকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাবনী আক্তার বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর (মুন্সিপাড়া) এলাকার আবুল কালামের মেয়ে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে পাঠানোর আবেদনসহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের সিএসআই শরীফ উদ্দিন জানান, শুনানি শেষে বিচারক লাবনী আক্তারকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।