
বাঘা (রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে মারধরের ঘটনায় শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর স্কুলের কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে। অপর আহত ব্যক্তি একই এলাকার নবীন শাহের ছেলে শমজান (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জোতকাদিরপুর স্কুলের কাছে গরু চুরির সন্দেহে স্থানীয়রা দুইজনকে আটক করেন। পরে তাদের ওপর মারধরের ঘটনা ঘটে। এতে শিমুল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। অপর ব্যক্তি শমজানও গুরুতর আহত হন।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত শমজানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিকে ময়নাত দন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন ওসি।