
সিরাজগঞ্জ প্রতিনিধি বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় এ দেশের সাহসী সন্তানরা রাজপথে নেমেছিলেন। তাঁদের অদম্য সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা। রক্তে রাঙানো সেই একুশ আমাদের শিখিয়েছে মাথা নত না করার শিক্ষা। ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
শহীদ ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে শহীদ মিনারে পুস্পকস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,এই ভাষা আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করে।
শহীদদের আত্মত্যাগ আমাদের জাতিসত্তার গৌরবময় প্রতীক।
তাঁদের স্মরণ করা মানে আমাদের শিকড়কে স্মরণ করা।
মহান একুশ আজ বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এ গৌরব আমাদের সকলের। আসুন, আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষা ও শুদ্ধ ব্যবহারে অঙ্গীকারাবদ্ধ হই।
নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস পৌঁছে দিই।
গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদদেরকে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা সিভিল সার্জন ডাঃ নূরুল আমিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়