👁 55 Views

সিরাজগঞ্জে বাসের ধাক্কায়  সিএনজি যাত্রী কলেজছাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে সিএনজির পেছনে বাসের ধাক্কায় নাদিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, সিএনজি চালক নজরুল ইসলাম (৪০), সুমাইয়া পারভীন (২৬), তানজিদ (২২)। তাদের সবাইকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের চন্ডিদাসগাতী বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার বাবুল আক্তারের মেয়ে।নাদিয়া সিরাজগঞ্জ রাশিদুজ্জোহা মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাদিয়ার সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সজল হোসেন জানান, দুপুরে সিরাজগঞ্জ রোড থেকে কলেজছাত্রী নাদিয়াসহ চার যাত্রী একটি সিএনজি অটোরিকশাযোগে সিরাজগঞ্জ শহরে আসছিলেন। সিএনজিটি চন্ডিদাসগাতী বাজারে পৌছলে পিছনের চাকা খুলে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে কলেজছাত্রী নাদিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *