👁 405 Views

বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু

ইয়ানূর রহমান : বাংলাদেশে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে বেনাপোল চেকপোষ্টে গৌতম মিস্ত্রি (৫৫) নামের এক ভারতীয় পাসপোর্ট যাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে গৌতম বেনাপোল স্থলবন্দরের চেকপোষ্টে পৌঁছানোর পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালিয়ানগর সুরাইয়া সেন পল্লীর বাসিন্দা। রমনী মিস্ত্রির ছেলে।

নিহতের স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট স্বামীকে সঙ্গে নিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। পরে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে যান। সেখানে ১২ দিন অবস্থান শেষে বুধবার ভারতে ফেরার জন্য বেনাপোলে পৌঁছান। গাড়ি থেকে নামার পরই গৌতম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভারতীয় এক পাসপোর্টযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তার স্ত্রী বেনাপোল ইমিগ্রেশন দফতরে এসেছিলেন। মরদেহ ভারতে পাঠানোর জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ভারতে পাঠানোর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *