👁 409 Views

শার্শায় ইজিবাইক চালক হত্যা মামলার আসামি বিদ্যুৎ গ্রেপ্তার

যশোর : যশোরের শার্শায় ইজিবাইক চালক আল আমিন হোসেন হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম বিদ্যুৎ (৩০)। তিনি শার্শা থানার শার্শা গ্রামের গণির ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনার রূপসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি এবং পলাতক ছিলেন।

শার্শা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আল আমিন হোসেন (২১) পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। তিনি শার্শা থানা এলাকাসহ আশপাশে ভাড়ায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ইজিবাইক ভাড়ার টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রধান আসামি ইয়াসিনসহ কয়েকজনের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ঘটনার দিন গত (২১ জানুয়ারি ২০২৬) রাতে বেনাপোল থেকে শার্শা বাজারের দিকে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় শার্শা আফিল জুট মিলসংলগ্ন এলাকায় আগে থেকেই ওৎ পেতে থাকা আসামিরা আল আমিনের পথরোধ করে। একপর্যায়ে তাকে ইজিবাইক থেকে টেনে নামিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় প্রধান আসামি ইয়াসিন আল আমিনের শরীরের ওপর দিয়ে ইজিবাইক চালিয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শার্শা থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শার্শা থানার এসআই শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং সহযোগীদের নামও প্রকাশ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (৩০ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *