
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে এক গৃহবধূর ওপর স্বামীর অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ওই গৃহবধূর শরীরে শতাধিক সেলাই দিতে হয়েছে।
এদিকে, পারিবারিক ও সামাজিক পর্যায়ে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পলাশবাড়ী উপজেলা শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পলাশবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন সরকার জনিকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলা ও উপজেলা কমিটি।
এ বিষয়ে স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।