
ইয়ানূর রহমান : যশোর সদরের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক উপশহর পুলিশ ফাড়ির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, বোলপুর গ্রামের মৃত মোসলেম মোল্যার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জলিল (৫০), একই গ্রামের মৃত জহির আলী বিশ্বাসের ছেলে মোঃ জাকির হোসেন (৪০), নওদাগ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সোহান হাওলাদার (২০) এবং শহরের পুরাতন কসবা (গাজীর ঘাট পালবাড়ী) এলাকার আব্দুল গফুরের ছেলে গাউছুল ইসলাম রিকু (৩৪)।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে জলিলের বিরুদ্ধে ৯টি, জাকিরের বিরুদ্ধে ৫টি এবং গাউছুল ইসলাম রিকুর বিরুদ্ধে ২টি মাদকসহ বিভিন্ন মামলা বিচারাধীন। এ ঘটনায় মামলা হয়েছে।#