
পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। অভিযানের প্রথম দিনেই সদর উপজেলার সাঁকোয়া এলাকায় দুটি অবৈধ ইটভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সাত উপজেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে বৈধ ১৬টি এবং অবৈধ ১০৯টি।
অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ ও স্থাপনা অপসারণে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। জেলার অবৈধ ইটভাটাগুলো অপসারণের কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে।