
আনোয়ার হোসেন শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অংশগ্রহণে নানা কর্মসূচি পালন করা হয়।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে ঝিনাইগাতী সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন- ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নীল মাধব হাজং, ভাইস চেয়ারম্যান পালিক কুবি ও সাধারণ সম্পাদক মহেশ্বর চন্দ্র কোচসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক আদিবাসী দিবস ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ দিন। এ ধরনের আয়োজনের মাধ্যমে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে এলাকার সাধারণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় ১২০ থেকে ১৩০ জন মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিটি দুপুর ১২টা ২০ মিনিটে শেষ হয়।