👁 35 Views

শ্রীপুরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীদের গর্জন-‘হয় মাদক ছাড়ো, নয়তো এলাকা’

‎‎আশিকুর রহমান সবুজ,​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ‎গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট বা একঘরে করার হুঁশিয়ারি দিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।

‎​বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের ভেকু মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

‎​মানববন্ধনে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন,
‎​”মাদকের ভয়াবহতা আজ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আজকের পর থেকে আমাদের এলাকায় কাউকে মাদক ব্যবসা বা মাদক সেবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের একঘরে করা হবে। যুবসমাজকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

‎​মোবাশ্বের জুয়েল তাঁর বক্তব্যে বলেন,
‎​”মাদকের ভয়াবহতা ক্যান্সারের চেয়েও দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে। এতে শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি। মাদক কারবারিদের এ ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

‎​ঘুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন,
‎​”মাদক কারবারিদের হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে। কেউ যদি এরপরেও মাদক কারবার চালিয়ে যায়, তবে তার বিরুদ্ধে কঠোর সামাজিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎​কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন,
‎​”এটাই আমাদের শেষ সতর্কবার্তা। এলাকা থেকে মাদক ব্যবসা ও মাদক সেবন অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সামাজিক আন্দোলন ও শাস্তির মাধ্যমে কঠোর অবস্থান নেওয়া হবে।”

‎​উক্ত মানববন্ধনে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন দাদন মীর, সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *