
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হানিফ ওরফে নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, আবু হানিফ দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন এবং পবিত্র কোরআন অবমাননাকর আচরণ করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়ভাবে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তার কর্মকাণ্ড থেকে বিরত হননি। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনার প্রতিবাদে সাদুল্লাপুর ওলামা পরিষদের উদ্যোগে থানা চত্বরে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।